‘স্বপ্ন দেখতাম একদিন বড় কিছু হব। সবাই আমাকে চিনবে। সেই স্বপ্নগুলো যে এত তাড়াতাড়ি সত্যে পরিণত হবে তা কখনোই ভাবিনি। আমি সত্যিই হতবাক।’ মিশন এক্সটিম ছবিতে নায়িকা হিসেবে যাত্রা শুরুর বিষয়ে জানতে চাইলে এভাবেই দেশ রূপান্তরের কাছে নিজের অনুভূতি জানান মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী।
২০১৮ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার পর থেকেই ঐশীর বিচরণ স্বপ্নের জগতে। চীনে মিস ওয়ার্ল্ড আসরের মূল প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের হয়ে রেকর্ড করার পর তার সাহস আরও বেড়ে যায়। ঐশী সেই সাহসকে পাথেয় করে হতে চান আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি। কাজ করার আগ্রহ প্রকাশ করেন চলচ্চিত্রেও। দেশ রূপান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশী চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করার পর থেকেই তার কাছে আসতে থাকে একের পর এক ছবির প্রস্তাব। কিন্তু ঐশী ধৈর্য সহকারে অপেক্ষায় ছিলেন ভালো কিছুর। অবশেষে প্রতীক্ষার অবসান হলো। ঐশীর নামের সঙ্গে এবার যুক্ত হতে যাচ্ছে চিত্রনায়িকা তকমা। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘মিশন এক্সটিম’ ছবিতে । এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন আরিফিন শুভ।
হাই ভোল্টেজ ছবি ‘ঢাকা অ্যাটাক’-এর দ্বিতীয় সিক্যুয়েল হতে যাচ্ছে ‘মিশন এক্সটিম’। নায়ক ও কাহিনিকার একই থাকলেও বদল হয়েছেন পরিচালক। এই ছবিটি পরিচালনা করবেন ‘ঢাকা অ্যাটাক’ ছবির প্রধান সহকারী পরিচালক ফয়সাল আহমেদ।
এদিকে গত বছরের ডিসেম্বর মাসেই এ ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হন নায়ক আরিফিন শুভ। ছবিতে অন্তর্ভুক্ত হয়েছেন আরেক অভিনেতা তাসকিন রহমানও।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ অথবা ২০ মার্চ থেকে ‘মিশন এক্সটিম’ ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন ছবিটির নির্বাহী প্রযোজক জাহিদ হাসান অভি। ছবিতে ঐশীকে একজন আত্মনির্ভর কর্মজীবী মেয়ের চরিত্রে দেখা যাবে।
‘ঢাকা অ্যাটাক’ ছবির মতো এ ছবিরও কাহিনি লিখেছেন পুলিশের স্পেশাল ফোর্সের কর্মকর্তা সানী সানোয়ার। আগের ছবিটির মতোই এ ছবিটিও পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হবে বলে জানা গেছে।
আরিফিন শুভ-ঐশী ছাড়া ‘মিশন এক্সটিম’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন এবিএম সুমন, সামস সুমন, মিশা সওদাগরসহ আরও অনেকে। ছবিটি প্রযোজনা করছে কপ ক্রিয়েশন। ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।