রামগঞ্জে আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণ গ্যাসপাম্প

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জোড় কবর এলাকায় ভ্রাম্যমাণ কাভার্ডভ্যানে সিলিন্ডার থেকে পাইপলাইন দিয়ে সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে সরবরাহ করা হচ্ছে গ্যাস। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে ‘স্বদেশ গ্লোরী’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান কাভার্ডভ্যানে গ্যাস বহন ও বিতরণ করছে। সিলিন্ডার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করার ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত। রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের শিশুপার্কের অদূরে একটি ব্যবসাপ্রতিষ্ঠান উন্মুক্ত জায়গায় এ কার্যক্রম চালিয়ে আসছে।

বাখরাবাদ গ্যাস কোম্পানির লক্ষ্মীপুর শাখার আঞ্চলিক ব্যবস্থাপক আলতাফ হোসেন বলেন, ‘ভ্রাম্যমাণ গ্যাস সরবরাহ ও এ ধরনের গ্যাসপাম্প সম্পূর্ণ অবৈধ।’

এ বিষয়ে জানতে চাইলে ‘স্বদেশ গ্লোরী’ গ্যাস পাম্পের পরিচালনা সদস্য আবদুল মজিদ তার সঙ্গে এ প্রতিবেদককে দেখা করার পরামর্শ দিয়ে বলেন, ‘আমরা নিয়ম মেনেই গ্যাস বিক্রি করছি। এখানে অনেক বড় মাপের রাজনীতিবিদরা জড়িত।’