শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষকদের ভ্রমণ

শিক্ষা কার্যক্রম বন্ধ করে প্রমোদ ভ্রমণে যাওয়ার অভিযোগ উঠেছে পাবনার রাধানগর মজুমদার একাডেমী স্কুল ও কলেজের শিক্ষক এবং পরিচালনা কমিটির সদস্যদের বিরুদ্ধে। গত সোমবার থেকে টানা পাঁচ দিনের ছুটি শেষে আগামী শনিবার শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তবে, এসএসসি পরীক্ষার দীর্ঘ ছুটির পর আবারও টানা ছুটি দেওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা জনান, রবিবার ছাত্রদের হাজিরা নিয়ে স্কুল ও কলেজ ছুটি দিয়ে পরিবার-পরিজন নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হন শিক্ষক কর্মকর্তা ও পরিচালনা পরিষদের সদস্যরা। অধ্যক্ষ তার ক্ষমতাবলে সংরক্ষিত ছুটি দিয়ে এ প্রমোদ ভ্রমণে গিয়েছেন বলে জানা গেছে।

সরেজমিনে গত সোমবার সকালে রাধানগর মজুমদার একাডেমী স্কুল ও কলেজে দেখা যায়, ক্যাম্পাস জনশূন্য, মূল ফটক খোলা থাকলেও প্রতিটি ক্লাসরুমে তালা ঝুলছে। ছুটির বিষয়ে জানা না থাকায় স্কুলে উপস্থিত হওয়া এক শিক্ষার্থীকে ঘুরতে দেখে কথা হয় তার সঙ্গে। নবম শ্রেণির এই শিক্ষার্থী জানায়, অন্য সব স্কুল খোলা। ছুটির কথা না জানা থাকায় স্কুলে এসে কাউকে না পেয়ে ফিরে যাচ্ছে সে। এলাকাবাসীর কাছে জেনেছে শিক্ষকরা নাকি কক্সবাজারে সফরে গেছেন।

স্কুল ছুটি দেওয়ার কথা স্বীকার করে রাধানগর মজুমদার একাডেমী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া বলেন, ‘বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েই তারা সফরে গিয়েছেন।