৪০তম বিসিএস প্রিলিমিনারি ‘৩ মে’

আগামী মে মাসের প্রথম সপ্তাহে হতে পারে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

ইতিমধ্যে পরীক্ষা আয়োজনে কেন্দ্র  ঠিক করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের চিঠি পাঠানো হয়েছে বলে পিএসসি সূত্রে জানা গেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সম্ভাব্য আগামী ৩ মে (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হতে পারে।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের সব পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা একযোগে শুরু হবে। পরীক্ষাটি বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে নেয়া হবে। ২০০ নম্বরের পরীক্ষা ২ ঘণ্টাব্যাপী চলবে।

গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে।

এ বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

আবেদন করেছেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এর আগে ৩৮ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ প্রার্থী আবেদন করেন।