যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির কাছেই থাকতেন মোল্লা ওমর

তালেবান নেতা মোল্লা ওমর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির পাশেই বাস করতেন বলে ‘সার্চিং ফর এন এনিমি’ নামক একটি বইয়ে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। নেদারল্যান্ডসের অনুসন্ধানী প্রতিবেদক বেট্টে ড্যাম মোল্লা ওমরের ওপর লেখা বইয়ে এমন দাবি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর মোল্লা ওমরকে ধরিয়ে দেওয়ার জন্য কয়েক দফায় পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। সর্বশেষ যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেও ধরতে পারেনি মোল্লা ওমরকে। অথচ তালেবান এই নেতা আফগানিস্তানের জাবুল প্রদেশের যুক্তরাষ্ট্রের ঘাঁটির তিন মাইলের মধ্যেই ১২ বছর বাস করেছেন। প্রতিবেদক বেট্টে মোল্লা ওমরের দেহরক্ষী জাব্বার ওমারির সঙ্গে কথা বলে এই সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। বইয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী একবার মোল্লা ওমরের বাসস্থানে অভিযানও চালিয়েছিল। কিন্তু ওই স্থানে মোল্লা ওমর লুকিয়ে থাকার পরেও তাকে ধরা যায়নি।