ডাকসু নির্বাচনে ‘ভোট ডাকাতি’র প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

ডাকসু নির্বাচনে ব্যাপক কারচুপি, অনিয়ম ও ভোট ডাকাতি হয়েছে দাবি করে এর প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়। একটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে অমর একুশে পাদদেশে গিয়ে সমাবেশে হয়। সমাবেশে বক্তারা ডাকসু নির্বাচনকে ভোট ডাকাতির উৎসব আখ্যা দিয়ে পুনরায় তফসিল ঘোষণা ও নির্বাচন দেওয়ার দাবি করেন। জাবি ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মাহাথির মোহাম্মদ বলেন, ‘ছাত্রলীগের ভোট ডাকাতির ইতিহাস নতুন নয়। ১৯৭৩ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগ ভোট ডাকাতি করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছে তা তামাশা ছাড়া আর কিছু না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মেরুদ- বলতে আর কিছুই অবশিষ্ট নাই। ছাত্রসমাজ এই প্রহসনের নির্বাচন মেনে নিবে না।’ সমাবেশে বক্তব্য দেন ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শোভন রহমান, ছাত্র ইউনিয়নের সদস্য মিখা পিরেগু, সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক মারুফ মোজাম্মেল, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক শাকিল-উজ-জামান প্রমুখ।