সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ডিম দিয়েছে বিলুপ্ত প্রজাতির একটি বাটাগুর কচ্ছপ। গতকাল সোমবার ভোরে সরীসৃপটি ৩২টি ডিম পাড়ে। এর মধ্য দিয়ে এই প্রাণীর প্রাকৃতিক প্রজনন নিয়ে আশাবাদী কর্মকর্তারা। এ প্রজাতির কচ্ছপের বংশবৃদ্ধির লক্ষ্যে ২০১৪ সালে বৈদেশিক সহায়তায় করমজলে একটি প্রকল্প শুরু করে বন বিভাগ।
প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) মহাবিপন্ন তালিকায় রয়েছে বাটাগুর কচ্ছপ। এর বৈজ্ঞানিক নাম ‘বাটাগুর বাস্কা’।
বর্তমানে এ প্রজনন কেন্দ্রে ১৮৩টি কচ্ছপ রয়েছে। ২০১৪ সালে মাত্র ৮টি কচ্ছপ দিয়ে এর যাত্রা শুরুর পর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা কচ্ছপগুলো করমজলে আনা হয়।
কচ্ছপ প্রজনন প্রকল্পের ব্যবস্থাপক মো. আ. রব বলেন, ‘একসময় ভারত, মিয়ানমার ও বাংলাদেশে প্রচুর পাওয়া গেলেও বাটাগুর বাস্কা প্রজাতির কচ্ছপ এখন হারিয়ে যাওয়ার পথে। প্রাকৃতিক প্রজননের মাধ্যমে এই কচ্ছপের বংশবিস্তার এখন মূল লক্ষ্য।’