বিআইডব্লিউটিএ এর সিবিএর কার্যক্রম অবৈধ: হাইকোর্ট

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কালেকটিভ বার্গেনিং এজেন্টের (সিবিএ) কার্যক্রম অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। পাশাপাশি ৩০ দিনের মধ্যে এ সংগঠনের নিবন্ধন বাতিল করতে শ্রম অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

এই সংগঠনের বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিট আবেদনের প্রেক্ষিতে জারি করা রুলের ওপর শুনানি নিয়ে সোমবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটকারীর পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ, ব্যারিস্টার মাহবুব শফিক ও অ্যাডভোকেট মন্টু চন্দ্র ঘোষ। এ রায়ের ফলে বিআইডব্লিউটিএর সিবিএর কার্যক্রম পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে সাংবাদিকদের জানান রিটকারীর আইনজীবী মন্টু চন্দ্র ঘোষ।

আইনজীবীরা জানান, শ্রম অধিদপ্তর থেকে ২০১৬ সালে নিবন্ধন পায় বিআইডব্লিউটিএর কর্মচারীদের সংগঠন সিবিএ। সংগঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের মেডিকেল অ্যাটেনডেন্ট এবং বিআইডব্লিউটিএর এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ  সম্পাদক মো. মুজিবর রহমান।