সাড়ে ৬ হাজার পানির জার ধ্বংস করেছে বিএসটিআই

সনদ না নিয়ে অবৈধভাবে নোংরা জারে মানহীন পানি বিক্রি করার কারণে ৬ হাজার ৬০০টি পানির জার ধ্বংস করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এছাড়া ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে মি. বেকারসহ ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার বিএসটিআই এর দুটি পৃথক অভিযানে রাজধানীর বিভিন্ন স্থানে পানির জার ধ্বংস এবং ওজন কারচুপির অপরাধে মামলা করা হয়।

বিএসটিআই’র মহাপরিচালক মো: মুয়াজ্জেম হোসাইন জানান, মোহাম্মদপুর, গাউছিয়া মার্কেট, নীলক্ষেত, নিউ মার্কেট, হাজারীবাগ, পান্থপথ, কারওরান বাজার, তেজগাঁও শিল্প এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া পানি বিক্রি ও বিতরণ করায় তেজগাঁওয়ের আই ড্রিংকিং ওয়াটার, ও হাজারীবাগে নাম বিহীন একটি প্রতিষ্ঠানের পানির লাইন বিচ্ছিন্ন করা হয়। এসব এলাকায় মোট ২২টি হোটেল, রেস্তোরাঁ ও টি স্টলে অভিযান চালিয়ে ৬ হাজার ৬০০ নোংরা ও নন ফুড গ্রেড জার ধ্বংস করা হয়। পানি ভর্তি চারটি পিকআপ জব্দ করা হয়।

অপর অভিযানে ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ক্যান্টনমেন্ট এলাকার কচুক্ষেতে বাজারের মেসার্স লিনা বস্ত্র বিতান, মেসার্স প্রাইম ম্যাচিং, মেসার্স ওহি ম্যাচিং কর্নার, মেসার্স অঙ্গ শোভা ফেব্রিকস, মেসার্স রাজধানী ম্যাচিং কর্নার ও মেসার্স থান কুটির কাপড় প্রতিষ্ঠানসমূহ কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে গজকাঠির ব্যবহার করায় এবং মেসার্স আজোয়া লিমিটেড এর বিস্কুট পণ্যের প্যাকেটে ওজনে কম পাওয়া মামলা দায়ের করা হয়।

এছাড়াও গুলশান এলাকার মেসার্স ব্রেড অ্যান্ড বিয়ন্ড বেকারির উৎপাদিত পণ্যের লেবেলে ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় এবং মেসার্স মিস্টার বেকার প্রতিষ্ঠানের বার্থডে কেক পণ্যের প্যাকেটে ওজন উল্লেখ না থাকায় ও মেসার্স গ্লোরিয়া জিনস প্রতিষ্ঠান সিলবিহীন ডিজিটাল স্কেল ব্যবহার করার অভিযোগে মামলা দেওয়া হয়।