মাদক কারবারিদের ধরিয়ে দেওয়ায় রাজধানীর গোড়ানে আবদুল ওহাব (৪০) নামে এক ব্যক্তিকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, তথ্যদাতা (সোর্স) হিসেবে ওহাব কয়েকজন মাদক বিক্রেতাকে ধরিয়ে দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে। গত রবিবার রাতে গোড়ানের শান্তিপুর স্কুলের পেছনের মাঠে তার মাথা থেঁতলে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোরে ওহাব মারা যান। তিনি ঝালকাঠি সদর উপজেলার শিমুলেশ্বর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। আরেক ঘটনায় খিলগাঁওয়ের ইদারকান্দি এলাকায় রুবেল হোসেন (৩৪) নামে এক তরুণকে মাথায় ইটের আঘাতে হত্যা করা হয়েছে। দুটি লাশই ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘পুলিশের সোর্স ওহাব এলাকার বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিয়েছিল। এ কারণে তারা ক্ষিপ্ত হয়ে তার মাথা ইট দিয়ে থেঁতলে দেয়।’ তিনি জানান, এ ঘটনায় মোট চারজন মাদক ব্যবসায়ীর নাম জানা গেছে। তাদের একজনকে আটক করা হয়েছে। সে হত্যায় জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।’
ওহাবের স্ত্রী সুইটি জানান, দুই ছেলের বাবা ওহাব রবিবার বিকেলে উত্তর গোড়ানের বাসা থেকে বের হন। রাত ১০টার দিকে তার মোবাইলে কেউ একজন ফোন করে। এ সময় বলা হয়, ওহাব ভুঁইয়াপাড়া ঝিলপাড়ে পড়ে ছিল। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সুইটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে স্বামীকে দেখতে পান। সেখান থেকে ওহাবকে পান্থপথের ইউনিহেল্থ নামের একটি ক্লিনিকে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টায় মারা যান তিনি। কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি সুইটি।