অনুষ্ঠানে মোস্তাফা জব্বার

ডিজিটাল বাণিজ্যের কেন্দ্র হবে চট্টগ্রাম

বন্দরনগরী চট্টগ্রাম আগামীতে ডিজিটাল ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। গতকাল সোমবার তিনি বলেন, ‘চট্টগ্রামের মিরসরাইয়ে ইকোনমিক জোন হচ্ছে; যেটি শিল্পনগরে পরিণত হবে। ডিজিটাল যুগে চট্টগ্রাম পিছিয়ে থাকতে পারে না। বিষয়টি মাথায় রেখেই হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে। আগামীতে বন্দরের জাহাজ চলাচল, চসিকের দৈনন্দিন কার্যক্রম প্রযুক্তিনির্ভর হবে।’ শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার ও আইটি/হাইটেক পার্ক স্থাপনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সঙ্গে বাংলাদেশ হাইটেক পার্ক কর্র্তৃপক্ষের সমঝোতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী। হাইটেক পার্ক কর্র্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম ও চসিকের প্রধান নির্বাহী মো. সামসুদ্দোহা এতে সই করেন।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। একই দিন সরকারি নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়ের মাঠে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় চট্টগ্রাম ই-লার্নিং মেলায় যোগ দেন মোস্তাফা জব্বার।