বায়ুদূষণ রোধ করতে রেড অ্যালার্ট জারির জন্য পরিবেশ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন শিশুসাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আলী ইমাম। গতকাল সোমবার রাজধানীতে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে এই আহ্বান জানান তিনি। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ‘নির্মল বায়ু ও টেকসই পরিবেশ’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে।
আলী ইমাম বলেন, বায়ুদূষণের ফলে পুষ্টিহীন ও বিকলাঙ্গ শিশু জন্ম নেয়, এই দূষণের জন্য সুস্থভাবে বেড়ে উঠতে পারছে না তারা। প্রতিটি বাড়িতে প্রচুর পরিমাণে গাছ লাগানোর পরামর্শ দিয়ে পরিবেশ মন্ত্রণালয়কে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘বায়ুদূষণ রোধ করতে রেড অ্যালার্ট জারি করতে হবে।’
বৈঠকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ শাকিরা নোভা বলেন, ‘বায়ুদূষণে ক্ষতিটা নারীদেরই বেশি হয়ে থাকে। গবেষণায় দেখা গেছে, গর্ভবতী নারীদেরই এটা বেশি ক্ষতি করে।’
ঢাকা শিশু হাসপাতালের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন বলেন, বাচ্চারা বড়দের তুলনায় অনেক বেশি বাতাস গ্রহণ করে, তাই তাদের ভেতরে বায়ু বেশি ঢোকে। বাচ্চাদের অ্যালার্জি ও হাঁপানির কারণ বায়ুদূষণ। এ ছাড়া শিশুমৃত্যুর অন্যতম একটি কারণ হলো বায়ুদূষণ। বৈঠকে অন্যদের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসিন চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী নাসিম আহমেদ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বক্তব্য দেন।