টিএসসিতে নুরের প্রেস ব্রিফিংয়ে ছাত্রলীগের হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ পরিষদের (ডাকসু) নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর হামলার চেষ্টা চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসিতে নুরের প্রেস ব্রিফিং চলাকালে এ ঘটনা ঘটে।

এসময় নুরকে বাঁচাতে গিয়ে আহত হন ছাত্রদল থেকে ডাকসু নির্বাচনে সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী তৌহিদুর রহমান।

একপর্যায়ে পাশে অবস্থান করা ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ছাত্রদল এবং ছাত্রলীগের দুজন আহত হন।

এই ঘটনার জেরে তৎক্ষণিক ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বামজোট। ক্যাম্পাসে উত্তেজনা চলছে।

এর আগে ডাকসু নির্বাচনের দিন সোমবার ভোট কারচুপির প্রতিবাদ করতে গিয়ে রোকেয়া হলে ছাত্রলীগের হামলার শিকার হন নুর। সেখান থেকে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

হাসপাতাল থেকে মঙ্গলবার বেলা ২টার দিকে ক্যাম্পাসে প্রবেশ করেন ডাকসুর নবনির্বাচিত এই ভিপি।