দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত, ১৫ টি বাড়িঘর ভাঙচুর

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে ১৫টি বাড়িঘর।

মঙ্গলবার সকালে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পরানপুর গ্রামের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৮ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সদর হরিশংকরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল্লাহ আল মাসুম ও সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে পরানপুর গ্রামে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

এ সময় উভয় পক্ষের আরব আলী, নায়েব আলী, মিলন হোসেন, কাশেম আলী, আকমল হোসেন, ছাত্তার শেখ, আফজাল শেখ, লাল মিয়া, রশিদ শেখ, কুরবান আলী, খোকন, নাদেম, কাশেমের বাড়িসহ ১৫ টি বাড়িঘর ভাঙচুর করা হয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।