আগের ম্যাচে শফিউল ইসলামের বোলিংয়ের নৈপুণ্যে ঢাকা পড়ে গিয়েছিল তার ব্যাটিং দৃঢ়তা। পার্শ্বনায়ক হয়ে থাকতে হয়েছিল তাই। তবে এবার আর পার্শ্বনায়ক নয়, সত্যিকারের নায়ক হয়েই রইলেন রকিবুল হাসান। অধিনায়কের ব্যাটিং দৃঢ়তা ঢাকা প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৪ উইকেটে হারিয়েছে মোহামেডান। আগে ব্যাট করে ৪৭.৩ ওভারে ২২৫ রানে গুটিয়ে যায় খেলাঘর। লক্ষ্য তাড়া করতে নেমে মোহামেডান জয় নিশ্চিত করে ৪ বল হাতে রেখে।
চার নম্বরে ব্যাট করতে নেমে রকিবুল ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৮টি চার ও ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজান জাতীয় দলের সাবেক এই ব্যাটসম্যান। আগের ম্যাচে তার অপরাজিত ৮২ রানের ইনিংসে জয় নিশ্চিত করে মোহামেডান। তবে সেদিন ৫ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছিলেন শফিউল ইসলাম। এ ম্যাচে ম্যাচসেরার পুরস্কার হাতে ওঠে রকিবুলের।
দুই ওপেনার অভিষেক মিত্র ও আব্দুল মজিদের ব্যাটে ভালো শুরু পেয়েছিল মোহামেডান। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ৬৪ রান। অভিষেক ২৭ ও মজিদ ৪০ রান করে ফেরেন। এরপর রকিবুলের ব্যাটে এগিয়েছে মোহামেডান।
নাদিফ চৌধুরী ৩৮ বলে ৩৯ রানের ইনিংস খেলেছেন। ৪টি চারের সঙ্গে তিনি মেরেছেন ১টি ছক্কা। খেলাঘরের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন রকিবুল হাসান ও তানবীর ইসলাম।
এর আগে খেলাঘর লড়াই মতো পুঁজি দাঁড় করায় মোসাদ্দেক ইফতেখারের ব্যাটে। রান আউটে কাটা পড়ার আগে ৮৭ রানের ইনিংস খেলেন ৭ চারের সাহায্যে। এ ছাড়া ৩৭ রান এসেছে অমিত মজুমদারের ব্যাট থেকে।
মোহামেডানের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন সোহাগ গাজী। ২টি করে উইকেট নিয়েছেন আলাউদ্দিন বাবু ও কাজী অনিক।