ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল বাতিল করে আগামী ৩১ মার্চের মধ্যে ফের নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। তবে একই সময় ভিপি পদে শপথ নেওয়ার কথাও জানান তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বাম জোটের সঙ্গে বৈঠকের পর তিনি এ দাবি জানান।
একইসঙ্গে ডাকসু নির্বাচনের ফল বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন তিনি।
নুরুল হক নুর বলেন, “ছাত্ররা যে রকম আশা করেছিল, সে রকম নির্বাচন হয়নি। ছাত্রলীগ বাদে সবাই গতকাল ভোট বর্জন করে। কারচুপি করেও আমাদের ঠেকাতে পারেনি। শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আমি বলতে চাই- যেহেতু আরও অনেক প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে, আমরা তাদের দাবির সঙ্গে একমত।”
তিনি বলেন, “এ নির্বাচন পুনরায় হতে হবে এবং নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে তাদের পদত্যাগ করতে হবে। অন্যদের অধীনে আমরা নির্বাচনে অংশ নেব।”
নবনির্বাচিত ভিপি বলেন, “হাইকোর্টের আগের নির্দেশনা অনুসারে ৩১ মার্চের মধ্যে ডাকসু নির্বাচন হওয়ার কথা। সেই সময়ের মধ্যেই নির্বাচন হোক।”
এর আগে বিকেল পৌনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে ভিপি ও সমাজসেবা পদ ছাড়া বাকি সব (২৩টি) পদে নতুন করে নির্বাচনের দাবি করেছিলেন তিনি।