সাদ নাসিমে বৃথা আল-আমিনের সেঞ্চুরি

আল-আমিনের চতুর্থ লিস্ট এ সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে দারুণ ব্যাটিংয়ে সেই পাহাড় টপকে যায় প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাব। সাইফ হাসান ও মার্শাল আইয়ুবের পর পাকিস্তানি তারকা সাদ নাসিমের ব্যাটে ম্লান হয়ে যায় আল-আমিনের সেঞ্চুরি।

মঙ্গলবার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংককে ৫ উইকেটে হারায় হারায় দোলেশ্বর। সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে ৩০১ রান করেছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। জবাবে ১০ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে দোলেশ্বর।

৩০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দোলেশ্বরের। সাইফ হাসান একপ্রান্তে দারুণ ব্যাট করলেও দলীয় ১২ রানে বিদায় নেন সৈকত আলি। দলীয় ৬৩ রানে ব্যক্তিগত ২৪ রানে ফিরে যান ফরহাদ হোসেন।

তৃতীয় উইকেটে সাইফ ও মার্শাল আইয়ুব গড়েন ১১৫ রানের জুটি। সাইফ ব্যক্তিগত ৮৫ রান করে অলক কাপালির শিকার হন। ১০২ বলে ৫ চার ও ৩ ছক্কায় এই ইনিংস খেলেন সাইফ।

সাইফের বিদায়ের পর দারুণ জুটি গড়েন মার্শাল ও পাকিস্তানি তারকা সাদ নাসিম। দুজনের যোগ করে ৭৬ রান। মার্শাল ৮২ বলে ৭ চারে ৭৬ রান করে ফেরেন। এরপর অধিনায়ক ফরহাদ রেজাকে নিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান সাদ নাসিম। দলীয় ২৯৫ রানে তিনি সাজঘরে ফেরেন। ৪৭ বলে ২ চার ও ৫ ছক্কায় ৬৪ রান করেন সাদ নাসিম।

তানবীর রহমানকে নিয়ে এরপর বাকি কাজটা সেরেছেন অধিনায়ক ফরহাদ রেজা। ১৫ বলে ৩৫ রানের ইনিংস খেলেছেন ফরহাদ রেজা। ২ ছক্কা ও ৩ চারে নিজের ইনিংস সাজান তিনি। তানবীর অপরাজিত ছিলেন ৬ রানে। প্রাইম ব্যাংকের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মনির হোসেন ও আরিফুল হক।

এর আগে প্রাইম ব্যাংকের হয়ে আল-আমিন ৯৯ বলে খেলেছেন ১১১ রানের ইনিংস। ৪ ছক্কা ও ৮ চারে নিজের ইনিংস সাজান তিনি। ৫৭ রান এসেছে ভারতীয় ক্রিকেটার সুদিপ চ্যাটার্জির ব্যাট থেকে।

দোলেশ্বরের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন আরাফাত সানি, ফরহাদ রেজা ও সৈকত আলি। ঝোড়ো ব্যাটিংয়ের জন্য ম্যাচ সেরা হয়েছে দোলেশ্বরের সাদ নাসিম।