নিজ বাসার সামনে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

রাজধানীর মিরপুর পশ্চিম মনিপুরে সড়ক দুর্ঘটনায় কাজী অনিক (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। তিনি মনিপুর স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র।

বুধবার বেলা ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত অনিকের মামা কামরুল হুদা কাজল জানান, মনিপুর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির কমার্সের ছাত্র অনিক। ইতালি প্রবাসী মজিবুর রহমান ও সামসুন্নাহার দম্পতির সন্তান তিনি। মায়ের সঙ্গে থাকতেন মিরপুর ২ নম্বর সেকশনের পশ্চিম মনিপুরে ৮৩৭ নম্বর বাসায়।

তিনি জানান, সকালে অনিক কিছু কেনার জন্য বাসা থেকে সামনের রাস্তায় যান। সেখানে কোনো যানবাহনের ধাক্কায় আহত হন অনিক। তাকে চাপা দিয়ে গাড়ি চালক পালিয়ে যায়।

তার চিৎকার শুনে মা তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে তার অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেলে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।

যে গাড়ি চাপা দিয়েছে সেটিকে সনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন মিরপুর থানার কর্তব্যরত  এসআই মনির হোসেন।

ঘটনাস্থল থেকে এসআই তৌহিদ জানান, আশপাশের সিসিক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি সনাক্তের চেষ্টা চলছে।