হিন্দুদের রঙের উৎসব দোলের দিন ছোট্ট মুসলিম বন্ধু মসজিদে যাবে। তার গায়ে যাতে রঙ না লাগে, তাই সারা পাড়া ঘুরে নিজেই সব রঙ মেখে আসে একটি ছোট্ট মেয়ে। বন্ধুবান্ধবদের রঙ ফুরিয়ে গেলে সাইকেলের পেছনে বসিয়ে খুদে বন্ধুটিকে পৌঁছে দিয়ে আসে মসজিদে।
এটি হচ্ছে দোল উপলক্ষে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের পণ্য সার্ফ এক্সেলের নতুন ১ মিনিটের বিজ্ঞাপন- ‘রঙ্গ লায়ে সঙ্গ’।
তবে এ বিজ্ঞাপনে ধর্মীয় অনুভূতিকে আঘাত দেওয়া হয়েছে বলে অভিযোগ ভারতের কট্টরপন্থী হিন্দুদের। দোলের থেকেও মুসলমানদের নামাজকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে এমন দাবিতে তারা সার্ফ এক্সেলকে নিষিদ্ধের ডাক দিয়েছে।
বিবিসি জানায়, অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ব্যান সার্ফ এক্সেল প্রচারণাও চালাচ্ছেন তারা। অনেকেই ইউনিলিভারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রতিষ্ঠানটির পণ্য ডাস্টবিনেও ফেলে দিচ্ছেন। অনেকে অনলাইনে সাবান ও ডিটারজেন্ট অর্ডারও বাতিল করে দিয়েছেন।
কট্টরপন্থীদের দাবি, বিজ্ঞাপনে হিন্দু মেয়ে ও মুসলমান ছেলের মধ্যে বন্ধুত্ব দেখিয়ে ‘লাভ জিহাদকে’ উস্কে দেওয়া হচ্ছে।
তবে মজার কথা হচ্ছে সার্ফ এক্সেলের বিরুদ্ধে ক্ষেপে গিয়ে তারা মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারের রেটিং কমিয়ে ফেলেছেন।
হাফিংটন পোস্ট জানায়, সার্ফ এক্সেলের মতো এক্সেল শব্দ যুক্ত থাকায় মাইক্রোসফটের এ সফটওয়্যারকেও তারা ইউনিলিভারের পণ্য মনে করেছে। মাইক্রোসফট এক্সেলকেও নিষিদ্ধের ডাক দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে অশ্লীল গালিগালাজ।
প্লে স্টোরে এক্সেলের অ্যাপেও নেগেটিভ রিভিউ ও গালিগালাজ করে এটির রেটিং কমিয়ে দিয়েছে কট্টরপন্থীরা। যদিও সার্ফ এক্সেলের বিতর্কের জন্য কেন মাইক্রোসফট এক্সেলকে গালাগাল করা হবে, সেই কারণ দেখাতে পারছেন না কেউই।