পড়ার চাপে মানসিক ভারসাম্য হারানো অনীক ছাদ থেকে পড়ে নিহত

রাজধানীর মিরপুর পশ্চিম মণিপুরে নির্মাণাধীন আবাসিক ভবনের ছাদ থেকে পরে কাজী অনীক (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ভবনরে ষষ্ঠ তলা থেকে পরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে অনীকের পরিবার।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পঙ্গু হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অনীকের মামা কামরুল হুদা কাজল দেশ রূপান্তরকে বলেন, বুধবার সকালে অনীক বাসার ছাদে যায়। ছাদের রেলিং না থাকায় সে নিচে পরে গুরুতর আহত হয়। অনীকের চিৎকার শুনে মা সামসুন্নাহার  দ্রুত নিচে নামে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ‘অনীক ক্লাস সেভেন থেকে অতিরিক্ত পড়ার চাপে মানসিক ভারসাম্যহীন হয়ে পরে। তাকে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছিল।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মিরপুর মডেল থানার এসআই সারওয়ার দেশ রূপান্তরকে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি নিহত অনীক মানসিক ভারসাম্যহীন ছিল।

উল্লেখ্য, অনীক মণিপুর স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণি বাণিজ্য শাখার ছাত্র ছিলেন। অত্যন্ত মেধাবী ছাত্র অনীক দুই বছর আগে থেকে পড়ার চাপে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তাকে নিয়মিত মানসিক চিকিৎসা দেওয়া হচ্ছিল। তিন ভাইয়ের মধ্যে অনীক ছিলেন সবার ছোট। তার বাবা ইতালিপ্রবাসী মজিবুর রহমান। অনীক মায়ের সঙ্গে মিরপুর ২ নম্বর সেকশনের পশ্চিম মণিপুরে ৮৩৭ নম্বর বাসায় থাকতেন। অনীকের লাশ গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার মাঝিয়ারায় দাফন করা হবে।