বিএনপি অংশ না নেওয়ায় উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি কিছুটা কম হয়েছিল। এর কারণ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তাদের অনুপস্থিতি নির্বাচনে কিছুটা প্রভাব ফেলছে।

বুধবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সিইসি বলেন, ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ সুষ্ঠু ও সুন্দর হয়েছে। আগামী ১৮ মার্চ অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের নির্বাচনও সুন্দর হবে।

তিনি বলেন, প্রথম ধাপের নির্বাচনে প্রশাসনের ভূমিকা ছিল প্রশংসনীয়। তাদের সহযোগিতায় নির্বাচন সুষ্ঠু হয়েছে। ভোটাররা যাতে পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারেন সে পরিবেশ নিশ্চিত করা হবে। এ জন্য  প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।

সভায় সিইসি আরো বলেন, নির্বাচনে কোন অবস্থাতেই সহিংসতা মেনে নেওয়া হবে না। সহিংসতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হতে হবে। কেউ যাতে ভোটারকে বাধা প্রদান করতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। ভোটগ্রহণ শেষে প্রার্থীদের এজেন্টের উপস্থিতিতে গণনা শেষে সব এজেন্টের সাক্ষর নিতে হবে। ভোটে কোন অনিয়ম মেনে নেওয়া হবে না।

সভায় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। 

সভায় সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম রব্বানী, সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম প্রমুখ।