স্ত্রীর বিষ পানে মৃত্যুর খবর পেয়ে স্বামীর গলায় ফাঁস

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের উত্তর চন্দনগাঁতী গ্রামের এরশাদ আলীর ছেলে নাজমুল (২২) ও তার স্ত্রী মিনু খাতুন (২০) পারিবারিক কলহের জের ধরে দুজনেই আত্মহত্যা করেছে।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার এ ঘটনা ঘটে। পুলিশ বুধবার সকাল ১১ টার দিকে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে।

বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, পারিবারিক কলহের একপর্যায়ে মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পর স্ত্রীকে ঘরে রেখে স্বামী বের হয়ে যায়। রাতেই স্ত্রী মিনু খাতুন বিষপানে আত্মহত্যা করে। গভীর রাতে স্বামী নাজমুল ঘরে এসে স্ত্রীর লাশ দেখে নিজেও গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।