ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র জোটের ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান বলেছেন, 'ভোট চোর বা সন্ত্রাসী, সবাইকে আমরা রুখে দেব'।
বুধবার পুনর্নির্বাচনের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ কর্মসূচিতে তিনি এসব বলেন। মোট পাঁচটি প্যানেলের প্রার্থীরা স্মারকলিপি দিতে গিয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে সমাবেশ করেন।
সমাবেশে অরণি বলেন, আজকের দিনেই রাজু গুলি খেয়েছিল। সে কারণেই সেখানে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য করা হয়েছে। আমরা এখানে দাঁড়িয়ে সব সন্ত্রাসীকে রুখে দেব। সেটা গতকালকে যারা টিএসসিতে হামলা করতে এসেছিল, ভোটের দিন ভোট চুরি করতে এসেছিল বা প্রার্থীদের ওপর হামলা করেছিল। সব সন্ত্রাসীকে আমরা রুখে দেব।
আগামী তিনদিনের মধ্যে নতুন নির্বাচনের ঘোষণা না এলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন অরণি।
বুধবার দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে পাঁচ প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে যান। ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হকও তাদের সঙ্গে ছিলেন।