আশুলিয়ায় অবৈধভাবে গড়ে ওঠা ৮টি ইটভাটাকে ৮৪ লাখ টাকা জরিমানা ও দুটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত আশুলিয়ার তুরাগ নদের তীর ঘেঁষে গড়ে ওঠা এসব ইটভাটায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব কাজী তামজীদ আহমেদ। র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস এ অভিযানে অংশ নেয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, সকাল থেকে শুরু হওয়া অভিযানে আশুলিয়া এলাকার ঢাকা ব্রিকসকে ১০ লাখ, স্টাইল ব্রিকসকে ১০ লাখ, মেঘনা ব্রিকস-১ ও ২-কে ২০ লাখ, এসএস ব্রিকস-১ ও ২-কে ২২ লাখ, রাজু ব্রিকসকে ১০ লাখ ও আসরাফ ব্রিকস-১-কে ১০ লাখ টাকা করে মোট ৮৪ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে এমএস ব্রিকসের কোনো মালিকানা না থাকায় এবং আসরাফ ব্রিকস-২ বন্ধ থাকায় এই দুই ভাটাকে জরিমানা না করে কিছু অংশ ভেঙে দেওয়া হয়েছে।