বিএনপির লজ্জা থাকলে ডাকসু নিয়ে কথা বলবে না উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপির আবাসিক নেতা প্রতিদিন ডাকসু নির্বাচন নিয়ে ব্রিফিং করে যাচ্ছেন। নিজেদের যদি লজ্জাবোধ থাকে, তবে ডাকসু নিয়ে কোনও কথা বলার সুযোগ থাকতে পারে না।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু, স্বাধীনতা ও অগ্নিঝরা মার্চ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি।
মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হচ্ছে ছাত্রদের। এটা নিয়ে মূল দলের যে মাথাব্যথা থাকবে, সেটা আমার জানা ছিল না। বিএনপির অফিস থেকে দলটির আবাসিক নেতা প্রতিদিন এটা নিয়ে ব্রিফিং করে যাচ্ছেন। মনে হচ্ছে, এটা ছাত্রদের নির্বাচন না, বিএনপির নির্বাচন। প্রতিদিন ব্রিফিং করে কোথায় কী হচ্ছে, কার কী সমস্যা হচ্ছে—এগুলো ব্যাখ্যা করে যাচ্ছেন। নিজেদের যদি লজ্জাবোধ থাকে, তবে আমার মনে হয় ডাকসু নির্বাচন নিয়ে বিএনপির কথাবার্তা বলার আর সুযোগ থাকতে পারে না।’
ডাকসু নির্বাচন নিয়ে মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘গত পরশু (১১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচন হলো। এই বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র হিসেবে আমি আনন্দিত।’
তিনি আরো বলেন, ধন্যবাদ জানাই ছাত্রলীগের সভাপতিকে। তিনি নির্বাচিত ভিপিকে বরণ করে নিয়ে প্রমাণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রসংগঠন।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এবং স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ।