সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃত্ব নির্ধারণে (২০১৯-২০২০) ভোট গ্রহণ বুধবার শুরু হয়েছে। দু’দিনব্যাপী এ ভোটগ্রহণ বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত চলবে।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত (মাঝখানে ১ ঘণ্টা বিরতি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনের ভেতরে ৪৪ টি বুথে এ ভোটগ্রহণ চলে।
সমিতির সুপারিনটেনডেন্ট নিমেশ চন্দ্র দাস সন্ধ্যায় দেশ রূপান্তরকে জানান, ‘মোট ৭ হাজার ৮২৫ আইনজীবী ভোটারের মধ্যে বুধবার প্রথম দিনে ২ হাজার ৯৭০ জন আইনজীবী ভোটার ভোট দিয়েছেন।’
এবারের নির্বাচনে সমিতির সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদের বিপরীতে (৭টি সম্পাদকীয় ও ৭টি সদস্য) আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত সমর্থিত ২৮ জন এবং স্বতন্ত্র ৫ জনসহ মোট ৩৩ জন আইনজীবী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানের নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট একটি নির্বাচনী সাব-কমিটি নির্বাচন পরিচালনা করছে। নির্বাচনে ভোটার রয়েছেন ৭ হাজার ৮২৫ জন।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) থেকে সভাপতি পদে লড়ছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। একই প্যানেলে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল।
অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) থেকে এবারের নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল আব্দুল জামিল মোহাম্মদ আলী (এ জে মোহাম্মদ আলী)। একই প্যানেল থেকে সম্পাদক পদে নির্বাচনে অংশ নিচ্ছেন ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন।