বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ময়ূরপঙ্খী ছিনতাইচেষ্টাকারী নিহত যুবক পলাশের কাছে থাকা পিস্তলটি বাংলাদেশে তৈরি প্ল্যাস্টিকের খেলনা পিস্তল ছিল বলে প্রতিবেদন দিয়েছে সিআইডির ফরেনসিক বিভাগ। গতকাল বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম (সিটি) ইউনিটের হাতে তদন্ত প্রতিবেদনটি তুলে দেয় সিআইডি।
সিটির তদন্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া বলেন, ‘আমরা সিআইডির তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। সেখানে বলা হয়েছে, এটি একটি খেলনা পিস্তল ছিল। এর গায়ে ইংরেজিতে লেখা ছিল গান সিরিজ ওসাকা, আমান ইন্ডাস্ট্রিজ, মেইড ইন বাংলাদেশ।
এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেছিলেন, পলাশের হাতের পিস্তলটি ছিল খেলনা পিস্তল। এরপর এটি তদন্তের জন্য সিআইডিতে পাঠানো হয়।
বিশেষ পুলিশ সুপার রুমানা আকতার গণমাধ্যমকে জানান, বাহ্যিক দৃষ্টিতে অরজিনাল পিস্তলের মতো দেখালেও বাস্তবে এটি খেলনা। পিস্তলটির ম্যাগজিন আলাদা করা যায়। ভেতরে গুলির মতো করে ছোট ছোট প্লাস্টিকের দানা রাখা যায়। অল্প শব্দও হয়। পুরোটাই খেলনা।
গত ২৪ ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ১৪৮ যাত্রী নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার পথে ছিনতাইয়ের চেষ্টা করা হয়। ছিনতাইচেষ্টাকারী পলাশ আহমেদ সেনা অভিযানে ওইদিনই নিহত হন।