দেশের গণমাধ্যমে পুরুষ সাংবাদিকদের তুলনায় নারী সাংবাদিকরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে রাজধানীতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় মত দিয়েছেন বক্তারা। তারা গণমাধ্যমে নারীদের অংশগ্রহণ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘বাংলাদেশে যেভাবে নারীদের অগ্রগতি হয়েছে তা প্রশংসনীয়, অন্য কোথাও এমন অগ্রগতি হয়নি। তারপরও পুরুষ সাংবাদিকদের তুলনায় নারী সাংবাদিকরা কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। অনেক মহল এখনো নারীদের এই অগ্রগতিকে গ্রহণ করতে পারছে না।’
অনুষ্ঠানে অংশ নেওয়া নারী সাংবাদিকদের উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘দেশে নারী সাংবাদিকতার যে বিকাশ গড়ছে তা শিগগিরই উজ্জ্বল আলোর মুখ দেখবে। শুধু আপনাদের নিজেদের গণমাধ্যমের জন্য কথা বললে হবে না, লড়তে হবে সব নারীর জন্য।’ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘এখন যেকোনো সংগঠন টিকিয়ে রাখা বেশ কঠিন। আর তা যদি নারী সংগঠন হয়, তাহলে আরও দুরূহ। আজ আমরা এই নারী সংগঠনের সাফল্য দেখতে পাচ্ছি।’
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমরা পুরুষের বিরুদ্ধে কিছু বলছি না, আমরা শুধু এই সিস্টেমের বিরুদ্ধে। প্রচলিত নিয়মকানুন বদলাতে হবে। গণমাধ্যমে নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে। আমাদের সমান অধিকার দিতে হবে।’
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান বলেন, ‘নারীরা তাদের জীবন নিয়ে ছেলেদের থেকে অনেক বেশি সিরিয়াস, তারা জীবন নিয়ে গঠনমূলক চিন্তা করে। তারা যে কাজটা করে খুব মনোযোগ সহকারে করে, উদাসীনতা তাদের সহজে গ্রাস করতে পারে না।’