খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিরপুরে মিছিল

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে মিছিল করেছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। গতকাল বুধবার দলটির সহদপ্তর সম্পাদক মুনীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল দুপুর দেড়টায় যুবদল ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে মিছিলটি শুরু হয়।

এটি মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ঘুরে মিরপুর ১৩ নম্বরে বিআরটিএ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে রিজভী ছাড়াও যুবদল উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।