বাবা সাইফ আলি খানের সঙ্গে ‘কফি উইথ করণ'-এ এসেছিলেন সারা আলি খান। স্বাভাবিকভাবেই সেই এপিসোডে বার বার উঠে এলো সারা মা তথা সাইফের প্রাক্তন স্ত্রী অমৃতার প্রসঙ্গ।
মায়ের কথা উঠতেই ‘সিম্বা' সিনেমার অভিনেত্রীর অভিব্যক্তি, “শেষ কবে বাবা আর মাকে একসঙ্গে জড়িয়ে ধরেছি মনে নেই।”
করণ জোহর প্রশ্নটি সাইফের দিকে ঘুরিয়ে দিলে, অনেক ভেবেচিন্তে সাইফ বলেন, “যতদূর সম্ভব মনে পড়ছে সারা তখন গ্র্যাজুয়েশন করছিল, আমেরিকার কলম্বিয়াতে... ”
বাবা কথা শেষ না করতেই সারা বলেন, ‘‘তোমরা আমাকে বিশ্ববিদ্যালয়ে ছাড়তে এসেছিলে।” তখন সাইফ বলে ওঠেন, “হ্যাঁ হ্যাঁ নিউইয়র্কে আমরা একসঙ্গে ডিনার করেছিলাম।”
নিজের বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের স্মৃতিচারণে সারা বলেন, “খুবই ভালো স্মৃতি। আমি কলেজে যাচ্ছিলাম মা এসেছিল আমাকে ছাড়তে। বাবাও সেখানে ছিল। সত্যি বলতে কি বাবা আর আমিই ডিনারের প্ল্যান করেছিলাম। তারপরে মাকে ফোন করি, মাও তখন আসে। সকলে মিলে একটা ভালো সময় কাটিয়েছিলাম। তারপরে ওরা দুজনে আমাকে কলেজে ছেড়ে দিয়ে আসে। আমার স্পষ্ট মনে আছে।”
১৩ বছরের বিবাহিত জীবনের পরে ২০০৪ সালে সাইফ ও অমৃতার ডিভোর্স হয়ে যায়। সারা ছাড়াও তাদের ইব্রাহিম নামে এক ছেলে রয়েছে। এরপর ২০১২ সালে কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ। তাদের দুই বছরের ছেলের নাম তৈমুর।
‘কফি উইথ করণ'- এরই একটি এপিসোডে কারিনা কাপুর জানিয়েছিলেন, তিনি কখনো অমৃতার মুখোমুখি হননি।” তাকে জিজ্ঞাসা করা হয়েছিল স্বামীর প্রাক্তন স্ত্রী-র সঙ্গে যোগাযোগ রাখো? কারিনা বলেছিলেন, “না, তবে আমি ওর সম্পর্কে মনে মনে খুব শ্রদ্ধা পোষণ করি। কিন্তু আমাদের কখনো দেখা হয়নি।”
সারা জানিয়েছিলেন, “তিনি অমৃতার সঙ্গে থাকেন ঠিকই, কিন্তু কারিনার সঙ্গে তার খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তার সঙ্গে শপিংয়ে যেতেও সারার খুবই ভালো লাগে।”
কেদারনাথ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সারা আলি খান। এরপরে তার দ্বিতীয় সিনেমা সিম্বা বক্স অফিসে ২০০ কোটির বাজিমাত করেছে।