নিরাপদ খাদ্য সরবরাহে সরকারের পদক্ষেপ জানতে চান আদালত

দেশের নাগরিকদের স্বাস্থ্য ও জীবনমান সুরক্ষায় মাছ-মাংস-দুধসহ নিরাপদ খাদ্য সরবরাহে সরকার কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

জনগণের ভোগ্যপণ্যের মান পর্যবেক্ষণ ও নিরীক্ষাকারী প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে (বিএসটিআই) এ পদক্ষেপ জানাতে বলা হয়েছে। ৫ মের মধ্যে বিষয়টি প্রতিবেদন আকারে আদালতে জমা দিতে বলা হয়েছে।

বোতল ও জারের অনিরাপদ পানি নিয়ে করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে সম্পূরক আবেদনের ওপর শুনানি নিয়ে বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

রুলে নাগরিকের জন্য নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং নিরাপদ খাদ্য সরবরাহে সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে।

খাদ্য সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, বিএসটিআইয়ের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শকসহ ১২ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী শাম্মী আক্তারের করা ওই আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. জে আর খান রবীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি  জেনারেল মোখলেসুর রহমান।

আবেদনকারীর আইনজীবী জে আর খান রবিন বলেন, জনগণের ভোগ্যপণ্য যেমন মাছ-মাংস, দুধসহ অন্যান্য খাবার কতটুকু নিরাপদ তা জানার জন্য একটি  নির্দেশনা চেয়েছিলাম। শুনানি শেষে আদালত রুল জারি করেছেন। পাশাপাশি মাছ, মাংসসহ জনগণের খাদ্য পরীক্ষা-নিরীক্ষা করে ও নিরাপদ খাদ্য সরবরাহে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা ৫ মে প্রতিবেদন আকারে জানাতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।