আসুন সবাই মিলে জনগণের সেবক হই: মেয়র আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত (ডিএনসিসি) কাউন্সিলরদের উদ্দেশে মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘আমি উপনির্বাচনের সময় ডিএনসিসির বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। আমাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক ওপরে। আসুন সবাই মিলে জনগণের সেবক হই।’  

বৃহস্পতিবার ডিএনসিসির কাউন্সিলরদের সঙ্গে মেয়রের পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

গুলশানস্থ নগরভবনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় পুরাতন ওয়ার্ডের কাউন্সিলররা মেয়রের কাছে বর্জ্য ব্যবস্থাপনা, মশা, জলাবদ্ধতা, ফুটপাত দখলসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

পরে মেয়র বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে আমি ইতিমধ্যে বিভিন্ন জায়গা পরিদর্শন শুরু করেছি। আমরা ওয়াসাকে সঙ্গে নিয়ে বর্ষার আগেই জলাবদ্ধতার সমাধান করব। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি, ফুটপাত থেকে সকল প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে।’

মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে মশক কর্মীদের উদ্বুদ্ধ করতে তাদের সঙ্গে বসবেন এবং মশা নিয়ন্ত্রণের আরও ওষুধ ইতিমধ্যে আনা হয়েছে বলে জানান তিনি।

মেয়র আরও বলেন, ‘ড্রেনে মানুষ ময়লা-আবর্জনা ফেলে - এটা হতে দেওয়া যায় না। প্রতিটি দোকানে ডিএনসিসি নির্ধারিত ডিজাইনের ওয়েস্ট বিন এবং দুটি করে ফুল বা গাছের চারা রাখা বাধ্যতামূলক করা হবে, অন্যথায় ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে না।’

এ ছাড়া ছাদ বাগান বা বাসার বেলকনিতে সবুজায়ন করলে কর রেয়াত সুবিধা দেওয়ার কথাও বলেন তিনি।

কর্মকর্তা-কর্মচারীদের ‘পি অ্যান্ড আর’ (পানিশমেন্ট অ্যান্ড রিওয়ার্ড) অর্থাৎ ভালো কাজের বিনিময়ে পুরস্কার আর তার ব্যত্যয়ে শাস্তির কথা বলেন মেয়র।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।