গণ সংবর্ধনায় সাঈদ খোকন

দক্ষিণের নতুন ওয়ার্ডে এলইডি বাতি জ্বলবে এপ্রিলে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, আগামী এপ্রিলের মধ্যে বর্ধিত নতুন ওয়ার্ডের এলাকার সড়কসমূহে এলইডি বাতি জ্বলবে।তিনি বলেন, এরই মধ্যে বর্ধিত ওয়ার্ডগুলোর ১৯০ কিলোমিটার সড়কে ৬ হাজার ৬০০ এলইডি বাতি বসানো হয়েছে।

বৃহস্পতিবার কোনাপাড়া এলাকায় ডিএসসিসির নব নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরদের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র সাঈদ খোকন এসব কথা বলেন।

তিনি বলেন, ডিএসসিসি'র বর্ধিত এলাকার জন্য ১০ হাজার এলইডি বাতি প্রয়োজন। আর দুই মাসের মধ্যে এসব এলাকায় এলইডি বাতির আলোয় আলোকিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।

ঢাকা দক্ষিণ সিটির ইতিবাচক পরিবর্তন হয়েছে দাবি করে সাইদ খোকন বলেন, কাউন্সিলাররা বলে রাস্তা সংস্কারের জন্য রাস্তা খুঁজে পায় না। ৮৫ থেকে ৯০ ভাগ রাস্তা হয়েছে। অলিতে গলিতে ঝকঝকে এলইডি বাতি। মেয়র সাঈদ খোকন বলেন, নব গঠিত ওয়ার্ডগুলোর রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে। এরই মধ্যে ৭৫ ভাগ রাস্তার কাজ শেষ হয়েছে। আগামী জুন মাসের মধ্যে সব কাজ শেষ হবে বলে জানান মেয়র।

এ ছাড়া ডিএসসিসিভুক্ত ওয়ার্ডগুলো নিয়ে মাস্টার প্লান করা হয়েছে। যাত্রাবাড়ী থেকে দক্ষিণখান পর্যন্ত ৪০০ ফুট রাস্তা হবে বলে যোগ করেন

এ সময় স্থানীয় এমপি, হাবিবুর রহমান মোল্লা, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, দক্ষিণ মহানগর আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাত, নব নির্বাচিত কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।