এনামুলের সেঞ্চুরি, মাশরাফীর শুরু

প্রাইম ব্যাংকের হয়ে অপরাজিত সেঞ্চুরি করেছেন এনামুল হক। ফলে লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পেয়েছে তার দল। ম্যাচে ঠিক ১০০ রান করে অপরাজিত ছিলেন ওপেনার এনামুল। প্রথমে ব্যাটিং করে ৪৬.১ ওভারে ১৬৩ রানে অল আউট হয় রূপগঞ্জ। জবাবে ৩১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় প্রাইম ব্যাংক।

এদিকে টানা তৃতীয় ম্যাচেও জয় পেয়েছে আবাহনী লিমিটেড। গতকাল তারা ব্রাদার্স ইউনিয়নকে ১৪ রানে হারায়। পরিবার নিয়ে ভারত সফরে গিয়েছিলেন বলে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি মাশরাফী বিন মোর্ত্তজা। গতকাল খেলেছেন এবং নিজের প্রথম ম্যাচে জয়ও পেয়েছেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্রাদার্স আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে আবাহনীর শুরুটা ভালো হয়নি। মাত্র ৫৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। নাজমুল হাসান শান্ত ও মোসাদ্দেক হোসেনের জুটিও বেশিদূরে যেতে পারেনি। শান্ত ৪৪ রানে আউট হন। মোসাদ্দেক করেন ৫৪ রান। সাব্বির রহমান মাত্র ১৩ রান করে আউট হন। মোহাম্মদ সাইফউদ্দিন ও মাশরাফী ৬২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। এই জুটির ফলে শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২৩৬ রান তোলে আবাহনী। ২৬ রানে অপরাজিত ছিলেন মাশরাফী। জবাব দিতে নেমে ৫০ ওভার খেলে ৮ উইকেটে ২২২ রান করে ব্রাদার্স ইউনিয়ন। দলের পক্ষে ইয়াসির আলী ১০৬ রানে অপরাজিত ছিলেন। বল হাতে মাশরাফী ২টি উইকেটও নেন।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অন্য খেলার শেখ জামাল ধানম-ি ১২ রানে হারিয়েছে শাইনপুকুরকে। প্রথমে ব্যাট করে ৩৫.১ ওভারে মাত্র ১০৬ রানে অল আউট হয় শেখ জামাল। জবাবে ২৯ ওভারে সব উইকেট হারিয়ে ৯৪ রানে থামে শাইনপুকুর।

সংক্ষিপ্ত স্কোর

আবাহনী-ব্রাদার্স

আবাহনী লিমিটেড : ২৩৬/৬ (৫০ ওভার) (সাইফউদ্দিন ৫৯*, মোসাদ্দেক ৫৪, শান্ত ৪৪, মাশরাফী ২৬*; নাঈম ২/২৮, মেহেদী ২/২৮)। ব্রাদার্স ইউনিয়ন : ২২২/৮ (৫০ ওভার) (ইয়াসির ১০৬*, শরিফুল্লাহ ২১, জুনায়েদ ১৭; মাশরাফী ২/৩৯, সাব্বির ২/২১)। ফল : আবাহনী ১৪ রানে জয়ী। ম্যাচসেরা : মোহাম্মদ সাইফউদ্দিন।

শেখ জামাল-শাইনপুকুর

শেখ জামাল ধানমন্ডি ক্লাব : ১০৬ (৩৫.১ ওভার) (জিয়াউর ৪১, পুনিত ২২, তানবির ১৪, নাসির ১৩; হোসেন ৪/২৮, শরিফুল ৩/২০)। শাইনপুকুর ক্রিকেট ক্লাব : ৯৪ (২৯ ওভার) (হোসেন ২৬, উদয় ১৭, শুভ ১৩; জিয়াউর ৫/২৩, সালাউদ্দিন ৪/২১)। ফল : শেখ জামাল ১২ রানে জয়ী। ম্যাচসেরা : জিয়াউর রহমান।

রূপগঞ্জ-প্রাইম ব্যাংক

লিজেন্ড অব রূপগঞ্জ : ১৬৩ (৪৬.১ ওভার) (নাঈম ৫২, জাকির ৪৭, নাঈম ইসলাম ১৫; কাপালি ২/১২, মোহর ২/১৪, রাজ্জাক ২/২৫)। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব : ১৬৬/১ (৩১.৩ ওভার) (এনামুল ১০০*, রুবেল মিঞা ৪৪, চ্যাটার্জি ১৫*; নাবিল ১/৩৬)। ফল : প্রাইম ব্যাংক ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা : এনামুল হক।