সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃত্ব নির্ধারণে (২০১৯-২০২০) ভোটগ্রহণ শেষ হয়েছে। দুই দিনব্যাপী এ ভোটগ্রহণ গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলে। মোট ৭ হাজার ৮২৫ ভোটারের মধ্যে ৬ হাজার ১৩৫ জন ভোট দেন। রাত ১০টায় ভোট গণনা শুরু হয় বলে দেশ রূপান্তরকে জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সুপারিনটেনডেন্ট নিমেষ চন্দ্র দাস।
নির্বাচনে সমিতির সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদের বিপরীতে (৭টি সম্পাদকীয় ও ৭টি সদস্য) আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত সমর্থিত ২৮ জন এবং স্বতন্ত্র ৫ জনসহ মোট ৩৩ আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানের নেতৃত্বে সাত সদস্যবিশিষ্ট একটি নির্বাচনী সাবকমিটি নির্বাচন পরিচালনা করেছে।