আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছে: মুশফিক

নিউ জিল্যান্ডে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের এক মসজিতে জুমার নামাজ আদায় করতে গিয়ে বন্দুকদারীদের হামলার মুখে পড়লেও নিরাপদে আছেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। এমন পরিস্থিতিতে বেঁচে যাওয়ায় নিজেদের ভাব্যবান মানছেন বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য মুশফিকুর রহিম।

ঘটনার পর পরই এক টুইটে এই উইকেটকিপার কাম ব্যাটসম্যান লিখেছেন- “আলহামদুল্লিলাহ, আজ ক্রাইস্টচার্চের মসজিদে গুলির সময় আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন।”

“আমরা খুবই ভাগ্যবান...কখনোই এসব ঘটনা দেখতে চাই না...আমাদের জন্য দোয়া করবেন।”

তাৎক্ষণিক এক টুইট বার্তায় দলের ওপেনার তামিম ইকবাল জানিয়েছেন, “পুরো দল বন্দুকধারীদের হাত থেকে বেঁচে গেছে!!! খুবই ভয়াবহ অভিজ্ঞতা, সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

শুক্রবার স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে নামাজ শুরুর মুহূর্তে একাধিক বন্দুকধারী হ্যাগলি ওভালের কাছে আল-নুর মসজিদে মুসল্লিদের ওপর গুলি চালায় বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবর।

পরিস্থিতি তুলে ধরে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বাসে করে মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিল বাংলাদেশ দল। বাস থেকে নামার সময়ই মসজিতে হামলার আলামত দেখতে পাওয়া যায়। পরিস্থিতি দেখে খেলোয়াড়দের বাস থেকে নামতে নিষেধ করা যায়। কয়েক মিনিট পর হ্যাগলি পার্কের ভেতর দিয়ে দৌড়ে তারা মাঠে চলে যায়। সেখান থেকে ফিরে যায় টিম হোটেলে। সবাই এখন টিম হোটেলেই অবস্থান করছেন।

বিসিবির মিডিয়া ম্যানেজার জালাল ইউনুস বার্তা সংস্থা এএফপিকে জানান, বাসে করে বাংলাদেশ দলের বেশিরভাগ খেলোয়াড়ই ক্রাইস্টচার্চের ওই মসজিতে নামাজ আদায় করতে গিয়েছিল। তারা মসজিদের ঢোকার ঠিক আগ মুহূর্তেই বন্দুকহামলা শুরু হয়।

দলের সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছেন বোর্ডের এই মুখপাত্র, “তারা নিরাপদে আছে। তবে মানসিকভাবে তারা বড় ধাক্কা খেয়েছে। আমরা দলকে হোটেলের ভেতরেই থাকতে বলেছি।”

বাংলাদেশ দলের সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছেন নিউ জিল্যান্ডে বাংলাদেশের নিযুক্ত কনসাল জেনারেল শফিউর রহমান। তিনি বলেন, “সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। দল দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।”