বলিউডে এ বছরের আলোচিত সিনেমা ‘কলঙ্ক’-এর টিজার মুক্তি পেয়েছে মঙ্গলবার। ভারতের স্বাধীনতা পূর্ববর্তী ১৯৪৫ সালের প্রেক্ষাপটের গল্পে নির্মিত এ সিনেমা নিয়ে ইতোমধ্যে নানা মত প্রকাশ করছেন অনেকেই।
টিজার দেখেই টুইটারে এটিকে বাহুবলী, বাজিরাও মাস্তানি এবং দেবদাস সিনেমার সংমিশ্রণ বলেও মন্তব্য করতে দেখা গেছে অনেককে।
এনডিটিভি জানায়, টুইটারে অনেকেই মন্তব্য করেছেন, এটি বলিউডের বাহুবলী। একজন লিখেন, “অসামান্য দৃশ্যায়ন, বিশেষ করে শেষ দৃশ্য যেখানে রাবণ দহনের বিষয়টি আসছে। এই ধরনের দৃশ্যায়নকে সত্যি বাহুবলীর সঙ্গেই তুলনা করা চলে। করণ জোহরের ধর্মা প্রোডাকশন সিনেমাটির প্রযোজনা করছে। তারাই আবার বাহুবলী সিনেমার হিন্দি ভার্সন ডিস্ট্রিবিউশনের দায়িত্বও পেয়েছিল।”
আবার অনেকেই মনে করছেন, শুধু বাহুবলীই নয়, পদ্মাবত, বাজিরাও মাস্তানি ও দেবদাস সিনেমার অনুপ্রেরণা আছে কলঙ্কে। একজন টুইটারে লিখেন, “বাহুবলী+দেবদাস+পদ্মাবত= কলঙ্ক।”
আরেকজন লিখেন, পদ্মাবৎ, বাজিরাও মস্তানি এবং বাহুবলী মিশিয়ে যে সিনেমাটি তৈরি হচ্ছে তা দেখার জন্য অপেক্ষায় রইলাম।
অভিষেক বর্মণ করণ জোহর প্রযোজিত ও অভিষেক বর্মন পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে চলতি বছর ১৯ এপ্রিল। এতে থাকছেন আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, আদিত্য রায় কাপুর, মাধুরী দীক্ষিত এবং সঞ্জয় দত্ত। দুই দশক পর সঞ্জয় ও মাধুরীকে একসঙ্গে দেখা যাবে পর্দায়।