বুদ্ধির জোরে প্রাণে বেঁচেছেন তিনি

নিউ জিল্যান্ডের মসজিদে ভয়াবহ বন্দুক হামলার সময় উপস্থিত বুদ্ধি ব্যবহার করে মুস্তাফা বোজাতাস নামের এক ব্যক্তি নিজেকে রক্ষা করেছেন। দেশটির ‘স্টাফ’ পত্রিকাকে তিনি জানান, পায়ে গুলি লাগার পর মরার ভান ধরে শুয়ে ছিলেন।

শুক্রবার গুলি শুরুর আগে মুস্তাফা ধর্মীয় বয়ান শুনছিলেন। হঠাৎ বিকট শব্দে ভড়কে যান।

‘সবাই দেখলাম ছোটাছুটি করছে। খুব ভয় পেয়ে যাই। রুমের একদিকে পালানোর চেষ্টা করি। হঠাৎ পায়ে গুলি লাগে। মাটিতে পড়ে যাই।’

মুস্তাফা পড়ে গেলেও তার দিকে বন্দুকধারী এগিয়ে আসে। কিছুক্ষণ তাকিয়েও থাকে সে।

‘মরার মতো শুয়েছিলাম। নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি। মনে হচ্ছিল শহীদ হয়ে যাব।’

গুলি থামার পর মুস্তাফা মাথা উঁচু করেন। দেখেন আরেকজন জানালা দিয়ে পালাচ্ছেন। তার সঙ্গে তিনিও পালিয়ে যান।

এদিন জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে এই হামলার ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তার মধ্যে বাংলাদেশি আছেন তিনজন। আহত হয়েছেন মোট ৪৮ জন।