মুসলিম হত্যার ঘটনায় অস্ট্রেলিয়ার সিনেটর দায়ী করলেন মুসলমানদেরই!

অস্ট্রেলিয়ার এক সিনেটর নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় ৪৯ মুসলিম হত্যার ঘটনায় মুসলমানদেরই দায়ী করে বিবৃতি দিয়েছেন।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সিনেটর ফ্রাসের অ্যানিং টুইটারে শুক্রবারের ওই হত্যাযজ্ঞের পর লিখেছেন, ‘আজ হয়তো মুসলমানরাই শিকারে পরিণত হচ্ছে, সাধারণত তারাই শিকার করে থাকে।‘

তবে তার আগে টুইটারে আরো কিছু পোস্ট দিয়ে বিতর্কের মুখে পড়ে তিনি তা মুছে দেন।

হাফিংটন পোস্ট জানায়, তিনি লিখেছিলেন, ‘ক্রাইস্টচার্চে আজকের এই হামলা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুই দেশেই আমাদের কমিউনিটিতে মুসলমানদের উপস্থিতি বৃদ্ধির ফলে সৃষ্ট ভয়কে সামনে নিয়ে এসেছে’।  

আরেকটি টুইটারে তিনি লেখেন, ‘পোল্যান্ড, জাপান, হাঙ্গেরি মুসলমান অভিবাসীদের তাদের দেশে প্রবেশ করতে দেয় না ফলে সেখানে সন্ত্রাসী হামলাও হয় না। আমাদেরও এমন করা উচিত।‘

২০১৭ সালে কুইন্সল্যান্ড থেকে অ্যানিং সিনেটর নির্বাচিত হন। বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে তিনি এর আগেও আলোচিত হয়েছেন।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় দুই বাংলাদেশিসহ কমপক্ষে ৪৯ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৪৮ জন।

জানা গেছে, জুমার নামাজের সময় দুজন বন্দুকধারী ক্রাইস্টচার্চের ডিনস অ্যাভিনিউর আল নুর মসজিদ ও পার্শ্ববর্তী লিনউডের মসজিদে হামলা চালায়। স্ট্রিকল্যান্ড স্ট্রিটে একটি গাড়িবোমা হামলার ঘটনাও ঘটেছে।  

নিউজিল্যান্ড সরকারে একে সন্ত্রাসী হামলা বলে ঘোষণা দিয়েছে। এ ঘটনায় অন্তত চারজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।