শনিবার রাতে ফিরছেন তামিমরা

নিউ জিল্যান্ড থেকে শনিবার রাতে বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরে আসছে।

দলের সঙ্গে থাকা ম্যানেজার খালেদ মাসুদ জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় দুপুর ১২টায় রওনা দিয়ে বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় পা রাখবে দল।

মসজিদে হামলার পর তৃতীয় টেস্ট বাতিল করা হয়। তখন জানানো হয়, যত দ্রুত সম্ভব ক্রিকেটাররা দেশে ফিরবেন।

শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে এই হামলার ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন মোট ৪৮ জন। এর মধ্যে আল নূর মসজিদে নামাজ পড়তে যাওয়ার কথা ছিল বাংলাদেশি ক্রিকেটারদের।

খালেদ মাসুদ বলেন, ‘এখানে খুব কাছ থেকে খেলোয়াড়রা এই হামলার ভয়াবহতা দেখেছে। দেখেছে প্রাণ বাঁচাতে মানুষজন রক্তাক্ত অবস্থায় ছোটাছুটি করছে। এই পরিস্থিতিতে যে কোন মানুষেরই কিন্তু ভেঙে পড়ার কথা। নিজের ওপর যে হামলা হচ্ছে না সেই নিশ্চয়তাও বা কোথায় তখন।’