অনশনরত শিক্ষার্থীদের খোঁজ নেয়নি প্রশাসনের কেউ, অসুস্থ ৫ জন

ডাকসুতে নতুন তফসিল ও ভোট জালিয়াতির সঙ্গে যুক্ত শিক্ষকদের ক্ষমা চেয়ে পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে ৫ জন অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে অনশনের ৭২ ঘণ্টা অতিবাহিত হলেও অনশনরত আট শিক্ষার্থীর কোন খোঁজ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ। তবে, শুক্রবার দুপুরে ডাকসুর ভিপি নুরুল হক নূর অনশনরত শিক্ষার্থীদের দেখতে যান। এদিকে, বিকেল ৪ ডাকসু নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে পুনর্নির্বাচনের দাবিতে অনশনে থাকা পরাজিত প্রার্থীরা ‘ভুখা মিছিল’ করেছে।

অসুস্থরা হলেন- সোয়েব অনন্ত ও আল মাহমুদ তাহা, ডাকসু নির্বাচনে শহীদুল্লাহ হল সংসদের সাহিত্য সম্পাদক প্রার্থী শোয়েব মাহমুদ, সিইসির মাস্টার্সের শিক্ষার্থী মিম আরাফাত মানব ও ভূ-তত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল মাহমুদ।

এর আগে শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়েন অনশনকারী দৃষ্টিপ্রতিবন্ধী রবিউল ইসলাম। তিনিও বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার অনশনরত অবস্থায় জগন্নাথ হল সংসদের সদস্য পদের প্রার্থী অনিন্দ্য মণ্ডল অসুস্থ হয়ে পড়েন। তাকেও ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে অনিন্দ্য হলে ফিরে আসেন।

বিকেলে বামপন্থীসহ সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া ভুখা মিছিলে অনশনকারীর মধ্যে সোয়েব অনন্ত ও আল মাহমুদ তাহা অংশগ্রহণ করলে তারা দুজনই অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অনশনে অংশ নেওয়া শামসুন্নাহার হলের শিক্ষার্থী রাফিয়া তামান্না দেশ রূপান্তরকে এই তথ্য নিশ্চিত করে বলেন, আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা এত গরমে এখানে দিনাতিপাত করছি। এত কষ্টে আছি। অনশন করছি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো আমাদের কোনো খোঁজ নেয়নি।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানীর মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। 

দুপুরে অনশনকারীদের দেখতে গিয়ে ডাকসুর ভিপি নুরুল হক নূর সাংবাদিকদের বলেন, এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীও যদি আন্দোলনে নামে তার গুরুত্ব রয়েছে। আমি প্রশাসনের কাছে দাবি রাখছি,তাদের দাবি যেন মানা হয়। 

গত মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাজু ভাস্কর্যের সামনে অনশন শুরু করে ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৮ জন শিক্ষার্থী। বিগত তিন দিন ধরে তারা আমরণ অনশন অব্যাহত রেখেছেন।