বাদ পড়লেন শ্রদ্ধা কাপুর, যুক্ত হলেন পরিনীতি চোপড়া

সাইনা নেহওয়ালের বায়োপিকের প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল শ্রদ্ধা কাপুরের। ছবিতে নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে ব্যাডমিন্টনের ওপর প্রশিক্ষণ নিতে মাঠেও নেমেছিলেন তিনি। নিজেকে প্রস্তুত করে শুটিংয়েও অংশ নেন শ্রদ্ধা কাপুর। কিন্তু মাঝপথ থেকে বাদ পড়লেন তিনি। তার বদলে নেওয়া হয়েছে পরিনীতি চোপড়াকে। কেন বাদ পড়লেন শ্রদ্ধা? জানা যায়, কয়েক দিন শুটিং করার পরেই শ্রদ্ধা ডেঙ্গুতে আক্রান্ত হন। ডাক্তার তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। অসুস্থতার কারণেই তাকে বাদ দেওয়া হয়। এমন খবর চাউর হয়ে উঠলেও শ্রদ্ধার পিছু হটার নেপথ্যে রয়েছে আরও কিছু কারণ।

জানা যায়, অসুস্থতার কারণে শিডিউলে হেরফের দেখা যায়। এরপর সুস্থ হওয়ার পরেই তিনি সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘ছিছোঁড়ে’ ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এ ছাড়া সাইনার বায়োপিকের প্রযোজনা সংস্থার আরেক ছবি ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’র শুটিংয়ের জন্যও তিনি লন্ডনে ছিলেন কয়েক দিন।

এদিকে আগস্টে মুক্তির অপেক্ষায় রয়েছে শ্রদ্ধা অভিনীত ‘সাহো’। টাইগার শ্রফের সঙ্গে ‘বাঘি’র সিক্যুয়েলও অভিনয় করছেন তিনি। এতসব ব্যস্ততার কারণও দেখানো হয়েছে।

অপরদিকে কানাঘুষা চলছে, মাস খানিক ধরে কোচ ইশান নাকভির কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার পরও তিনি কিছুতেই সেই চরিত্রে ঢুকতে পারছিলেন না। আরও সময় চেয়েছিলেন। কিন্তু, পরিচালক অমল গুপ্তে এবং নির্মাতারা তাতে নারাজ। কারণ, ২০২০ সালেই তারা রিলিজ করতে চান সেই ছবি। তাই সাইনার চরিত্রের জন্য প্রস্তুত হতে শ্রদ্ধাকে আর সময় দেওয়া যাবে না বলেই জানিয়েছিলেন তারা। আর এ কারণেই স্বপ্নের চরিত্র থেকে বাদ পড়েন শ্রদ্ধা কাপুর।