ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) অনিয়মের অভিযোগে রাজু ভাস্কর্যে আমরণ অনশনে বসা শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন, নবনির্বাচিত ডাকসুর ভিপি ও জিএস’র উপস্থিতিতে শিক্ষার্থীরা তাদের অনশন ভাঙেন।
সোমবার বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে ডাকসু নির্বাচনে অনিয়মের তথ্য-প্রমাণ নিয়ে বৈঠকের আশ্বাসের প্রেক্ষিতে তারা অনশন ভাঙেন।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় প্রক্টর গোলাম রব্বানী, রোকেয়া হল প্রভোস্ট জিনাত হুদা, ডাকসুর বিজয়ী জিএস ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর উপস্থিতিতে রোকেয়া হলের অনশণকারীরা তাদের কর্মসূচি স্থগিত রাখেন।
চার দফা দাবিতে এ হলের ছাত্রীরা আমরণ অনশনে বসেন বুধবার রাত সাড়ে ৯টার দিকে। বুধবার রাতে প্রথম দিনে পাঁচ ছাত্রী অনশনে বসেন।
হলগেটের বাইরে তারা অনশনে বসেন।
রোকেয়া হলের প্রাধ্যক্ষ জিনাত হুদার পদত্যাগসহ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) নির্বাচনে হলের ঘটনায় করা মামলা প্রত্যাহার, রোকেয়া হলের সংসদ নির্বাচন পুনরায় আয়োজন ও আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে তারা আমরণ অনশনে বসেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আট শিক্ষার্থী সন্ধ্যা ৬টা থেকে আমরণ অনশন শুরু করেন। এদের একজন অনিন্দ্য মন্ডল ৪টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান হয়।
অন্য শিক্ষার্থীরা হলেন, মাঈনুদ্দিন, শোয়েব মাহমুদ, রবিউল ইসলাম, তাওহিদ তানজিম ও মিম আরাফাত মানব, মাহমুদ তাহা এবং রাফিয়া তামান্না।
সোমবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।