সাভার পৌর এলাকার সিগনেচার ইন স্টিচ অ্যাপারেলস কারখানার শ্রমিকরা বকেয়া পরিশোধ এবং পলাতক মালিক অহিদুল ইসলামকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে।
গতকাল শুক্রবার বিকেল ৪টায় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের উদ্যোগে মজিদপুর রোডে অবস্থিত কেন্দ্রীয় অফিস চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন জানান, ২৭০ শ্রমিক-কর্মচারীর চার মাসের বকেয়া বেতন পরিশোধ না করে কারখানায় তালা ঝুলিয়ে অহিদুল পালিয়েছেন। এ ঘটনায় কারখানার শ্রমিক আলী আকবর বাদী হয়ে প্রতারণার অভিযোগ এনে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত ওই মামলায় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।