বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে আজ শনিবার।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্স অ্যান্ড ল ২০১৯’ শীর্ষক সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম ইমামুল হক। উদ্বোধনী পর্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অভিজিত দাস গুপ্ত। অতিথি হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, ভারতের ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজের রিসার্চ ফেলো ড. শ্রুতি এস পাটনায়েক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
এ ছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং রেজিস্ট্রার ড. মো. হাসিনুর রহমান বক্তব্য দেন। সম্মেলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।