বর্তমান সরকার জাতীয় মাছ ইলিশ সংরক্ষণ ও উন্নয়নে বদ্ধপরিকর জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “ইলিশ সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘কোনো জাল ফেলব না, জাটকা ইলিশ ধরব না’ এ প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী হয়েছে।” জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৯ উপলক্ষে গতকাল শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। বাণীতে আজ শনিবার থেকে আগামী শুক্রবার (২২ মার্চ) পর্যন্ত দেশব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হতে যাচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা জাটকা সংরক্ষণে সময়োপযোগী ও সমন্বিত উদ্যোগের পাশাপাশি প্রয়োজনীয় কার্যকর মনিটরিং ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। এ সংক্রান্ত সব কার্যাদি কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে জাতীয় মাছ ইলিশ সংরক্ষণ ও উন্নয়নে সরকার বদ্ধপরিকর।’
বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এ কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘একক প্রজাতি হিসেবে ইলিশের অবদান সর্বোচ্চ। ২০০৮-০৯ সালে যেখানে ইলিশের মোট উৎপাদন ছিল ২ দশমিক ৯৯ লাখ টন; সেখানে ২০১৭-১৮ সালে মোট উৎপাদন বেড়ে ৫ দশমিক ১৭ লাখ টনে। বর্তমানে এর বাজারমূল্য প্রায় ২০ হাজার কোটি টাকা। আর জিডিপিতে এর অবদান প্রায় ১ শতাংশ।’