ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনের রাস্তায় গতকাল ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত আরিফ হোসেন (১৫) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বেলাল মিয়ার ছেলে।
আরিফের বড় ভাই আওলাদ হোসেন দেশ রূপান্তরকে জানান, চার ভাইবোনের মধ্যে আরিফ সবার ছোট। তাদের বাবা-মা গ্রামে থাকেন। তারা দুইভাই পুরান ঢাকার একটি জুতা কারখানায় চাকরি করেন; থাকেন ভাড়া বাসায়।
আরিফের বন্ধু রাসেল হোসেন জানান, শুক্রবার কারখানা বন্ধ থাকায় তারা ৮-১০ বন্ধু জাতীয় ঈদগাহ ময়দানে ক্রিকেট খেলেন। খেলা শেষে শহীদুল্লাহ হলের সামনের রাস্তা দিয়ে বাসায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ১০-১২ যুবকের কেউ একজন আরিফের পায়ে লাথি দেয়। এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই যুবকরা আরিফের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে আরিফের মৃত্যু হয়। শাহবাগ থানার ওসি আবুল হাসান দেশ রূপান্তরকে জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ল্যাং মারার প্রতিবাদ করায় ওই কিশোর খুন হয়েছে। তদন্ত চলছে।