কাঠগড়ায় শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্বের ‘সাইন’ দেখালো ট্যারেন্ট

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় ঘাতক ব্রেনটন ট্যারেন্টকে আদালতে হাজির করা হয়েছিল। আদালত তাকে ৫ এপ্রিল পর্যন্ত রিমান্ড দিয়েছে।

আলজাজিরা জানায়, শনিবার ট্যারেন্টকে ক্রাইস্টচার্চের ডিস্ট্রিক্ট আদালতে হাজির করা হয়। এসময় তার মাঝে কোনো অনুশোচনা দেখা যায়নি। সংবাদমাধ্যমকে দেখে বিদ্রূপাত্মক হাসি দেয় সে।

ডেইলি মেইল জানায়, এসময় ট্যারেন্টকে একটি কাঁচে ঘেরা আড়াল থেকে হাতে উল্টোভাবে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের ‘সাইন বা চিহ্ন’ দেখাতে দেখা যায়। সংক্ষিপ্ত সময়ে কাঠগড়ায় থাকাকালে সে বারবার সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে।

কাঠগড়ায় যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ট্যারেন্টের ছবি তোলে। তবে ছবি প্রকাশ করার সময় তার মুখ ঝাপসা করে দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ জাতীয়তাবাদী ও ডানপন্থী নেতাদের শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্বের এই ‘সাইন বা চিহ্ন’ প্রদর্শন করতে দেখা যায়। ট্রাম্পকে প্রায়শই এই চিহ্ন দেখিয়ে বক্তব্য প্রদান এবং সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে দেখা যায়। ট্রাম্পের ভক্ত হামলাকারী ট্যারেন্ট।

শুক্রবার জুমার নামাজে দুটি মসজিদে এই শ্বেতাঙ্গ খ্রিস্টানের নির্বিচার গুলিতে তিন বাংলাদেশিসহ কমপক্ষে ৪৯ জন নিহত হন। গুরুতর আহত হয়েছেন আরও ২০ জন।

হামলার ঘটনায় পুলিশ এক নারীসহ চারজনকে আটক করে। তবে তাদের মধ্যে কেবল ট্যারেন্টকে আদালতে তোলা হয়।

পুলিশ এখন বলছে, দুটি মসজিদে ট্যারেন্ট একাই হামলা চালিয়েছে। প্রায় ৩৬ মিনিট সে এই হত্যাযজ্ঞ চালিয়েছে। তার কাছে দুটি মেশিনগানসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র ছিল। তার গাড়িতে বিস্ফোরকও পাওয়া গেছে।

জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের ডিনস অ্যাভিনিউর আল নুর মসজিদ ও পার্শ্ববর্তী লিনউডের মসজিদে হামলা চালায় ট্যারেন্ট। স্ট্রিকল্যান্ড স্ট্রিটে একটি গাড়িবোমা হামলার চেষ্টার ঘটনাও ঘটেছে।

ক্রাইস্টচার্চে হেগলি ওভাল মাঠের খুব কাছের আল নুর মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর বন্দুক হামলার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়েরা।