নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার ঘটনায় মুসলিমদের দায়ী করা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সিনেটর ফ্রাসের অ্যানিং বিব্রতকর এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। শনিবার মেলবোর্নের একটি ইভেন্টে অংশ নিতে গেলে তার মাথায় ডিম ভেঙে প্রতিবাদ করে এক কিশোর।
শুক্রবারের হত্যাযজ্ঞের পর অ্যানিং টুইটারে বলেন, ‘আজ হয়তো মুসলমানরাই শিকারে পরিণত হচ্ছে, সাধারণত তারাই শিকার করে থাকে।’
আরেক পোস্টে তিনি লেখেন, ‘ক্রাইস্টচার্চে আজকের এই হামলা অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ড দুই দেশেই আমাদের কমিউনিটিতে মুসলমানদের উপস্থিতি বৃদ্ধির ফলে সৃষ্ট ভয়কে সামনে নিয়ে এসেছে।’
এমন মন্তব্য করে নিজ দেশেই তোপের মুখে পড়েন অ্যানিং। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী পর্যন্ত তার সমালোচনা করেন।
‘ডিম প্রতিবাদে’র সময় ওই কিশোর ভিডিও করছিল। পেছন থেকে হঠাৎ সে ডিম দিয়ে আঘাত করে। সিনেটরও পাল্টা আক্রমণ করেন। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে চড় মারতে দেখা গেছে।
অস্ট্রেলিয়ার কোনো গণমাধ্যম এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই কিশোরের পরিচয় প্রকাশ করেনি।