বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘তুই আমার রানী’ সিনেমা। ছবিটি সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেয়েছে। ৫ এপ্রিল বাংলাদেশ ও ভারতে সিনেমাটি মুক্তি পাবে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।
এদিকে ছবিটি মুক্তির আগেই অনলাইনে প্রকাশ পেতে যাচ্ছে ছবিটির একটি গান। ক্রেজি পেয়ার নামের এই গানটির শুটিং হয়েছে ভারতে।
ব্যয়বহুল এই গানটির মিউজিক করেছেন শ্রী প্রিতম। সুদীপ কুমার দীপের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ইয়াসমীন জেমি ও শ্রী প্রীতম।
মিষ্টি জান্নাত বলেন, ‘গানটি খুব যত্নের সঙ্গে নির্মাণ করা হয়েছে। এই গানটি বানাতে খরচ হয়েছে ১৭ লাখ টাকা। আশা করছি গান এবং ছবি দুটিই সবার ভালো লাগবে।’
‘তুই আমার রানী’ সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের সজল আহমেদ ও ভারতের পীযূষ সাহা। এতে মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সূর্য। বাংলাদেশের হ্যাভেন মাল্টিমিডিয়া ও ভারতের প্রিন্স এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এ সিনেমার শুটিং বাংলাদেশ ও ভারতে হয়েছে। মিষ্টি-সূর্য ছাড়াও এতে অভিনয় করেছেন বাংলাদেশের আবু হেনা রনি, সজল, ভারতের রাজেশ শর্মা, সুপ্রিয় দত্ত, দোলনসহ অনেকে।